মেডিক্যাল সেন্টার, বরিশাল বিশ্ববিদ্যালয়
মেডিক্যাল সেন্টার, বরিশাল বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিক্যাল সেন্টারের দফতর প্রধান (রুটিন দায়িত্ব) ডা: শাম্মী আরা নিপাকে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া একক সিদ্ধান্তে চিকিৎসাসেবার সময়সূচি কমানোর দায়ে এ নোটিশ জারি করে প্রশাসন।

Advertisement

বুধবার (৩০ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে। তবে ডা: শাম্মী আরা নিপা কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়ে একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিক্যাল সেন্টারের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেন।

অফিস আদেশে আরো বলা হয়, কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অপরাধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।