
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাস ‘গোধূলি’-তে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার জেরে বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।
এতে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরীফুল ইসলাম ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ আহত হয়েছেন। এদিকে ঘটনায় দুই বিভাগের শিক্ষকদের হেনস্থার অভিযোগও উঠেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় ফেরার পথে শহরের জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পি হোসেনের সাথে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের রিয়াজুল ইসলাম হৃদয় ও আইসিটি বিভাগের আবু সাঈদ আহত হন বলে জানা যায়।
এ ঘটনার জেরে বুধবার সকালে বাংলা বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ জানালে দুই বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকে নিয়ে প্রক্টর কার্যালয়ে আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষ বিষয়টি মীমাংসায় সম্মত হয় এবং একে অপরের কাছে ক্ষমা চায়। পরে সবাই কোলাকুলি করে সেখান থেকে বেরিয়ে যান।
তবে বের হওয়ার সময় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় আইসিটি বিভাগের এক শিক্ষার্থী আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। এছাড়া সংঘর্ষে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরীফুল ইসলাম আহত এবং আরো দুই শিক্ষক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।
এদিকে, সংঘর্ষের পর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা গাছের ডালপালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং ফটকে তালা দেন। এতে দুপুরের দুটি বাস আটকে যায়। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি তৈরি হলে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর প্রায় দেড় ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে প্রধান ফটক ছেড়ে দেন তারা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘গতকাল বাসের ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের চেয়ারম্যানকে বলা হয়েছিল, কোনো অভিযোগ থাকলে প্রক্টর কার্যালয়ে দিতে। বুধবার সকালে বাংলা বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ দেয়ার পর দুই বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও আটজন করে শিক্ষার্থীকে নিয়ে প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে আলোচনা করা হয়। সেখানে উভয় পক্ষ নিঃশর্তভাবে ক্ষমা চায় এবং বিষয়টি মীমাংসা হয়। পরে তারা কোলাকুলি করে হাসিমুখে বের হয়ে যাচ্ছিল। তবে বের হওয়ার পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
তিনি আরো বলেন, ‘এরপর প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠক করে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। ভিসি স্যার তাদের সাময়িক বহিষ্কার করেছেন এবং অধিকতর তদন্তের সিদ্ধান্ত দিয়েছেন। বাংলা বিভাগও তাদের নিজস্ব তদন্ত কমিটি করার কথা জানিয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ক্যাম্পাস স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








