
ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চীনা ভাষা শিক্ষা সেন্টার উদ্বোধন করা হয়েছে। বিকেএসপির শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সেন্টার স্থাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সাভারের জিরানীতে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি।
উদ্বোধন শেষে বিকেএসপির শিক্ষার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও তাইচি সেন্টার পরিদর্শন করেন।
এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির ডিজির সাথে মতবিনিময় সভায় অংশ নেয়।
বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ জানান, ‘বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে তিনজন প্রশিক্ষকের অধীনে প্রথম ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী চীনা ভাষা শিখছে। এছাড়া বিকেএসপির ১০ জন সাবেক প্রশিক্ষার্থী বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরো বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীর চীনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে চীনা ভাষা শিক্ষা সেন্টার সহায়ক ভূমিকা রাখবে।’
বিকেএসপির ডিজি জানান, ‘২০২৪ সালে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেএসপিতে তাইচি সেন্টার স্থাপন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ ও দুই প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিকেএসপি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে।’
অনুষ্ঠানে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








