
সরকারি চাকরিকে দলীয়করণের উদ্দেশে ভেরিফিকেশনের নামে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবৈধভাবে বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন তারা।
এ সময় ভেরিফিকেশনের নামে বিএনপি সরকার দলীয়করণ করছে ও এমন নিয়োগের মাধ্যমে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া সরকার এমন কর্মকাণ্ড বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন হল সংসদের নেতারা।
মানববন্ধনে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, ‘আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরেও প্রার্থীদের ভেরিফিকেশনের নামে বাদ দেয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করার পরও কেন প্রার্থীরা বাদ পড়েছে, তাদেরকে সেটা জানানো হয়নি। তাদেরকে কেন বাদ দেয়া হলো, সরকারকে সেটা স্পষ্ট করতে হবে। প্রার্থীদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ না দিতে পারলে অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগ দিতে হবে।’
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘প্রত্যেকটা জায়গায় সরকার দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ভেরিফিকেশনের নামে সরকার আবার প্রহসন শুরু করেছে। ভেরিফিকেশনের যদি এতোই দরকার হয়, তাহলে পরীক্ষার আগে ভেরিফিকেশন করা উচিত। পরীক্ষার্থীরা কষ্ট করে প্রিলি, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর কেন তাদের বাদ দেয়া হবে। তাই বলতে চাই, অবিলম্বে ভেরিফিকেশনের নামে বাদ দেয়া প্রার্থীদের চাকরিতে নিয়োগ দিতে হবে।’
এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের উপর স্বৈরাচারি আচরণ করা হচ্ছে। ভেরিফিকেশনের নামে দলীয়করণের ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে তারা। এতে শিক্ষার্থীদের বোবা কান্না আমরা দেখেছি। ভেরিফিকেশনের নামে দলীয়করণের পাঁয়তারা বন্ধ না করলে সারাদেশের শিক্ষার্থীরা আপনাদের জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে।’








