ছাত্রলীগ
ছাত্রলগের বিজ্ঞপ্তি। নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি দেয়ার দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্যাম্পাসে কোনো রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শাবিপ্রবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেবে।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসকে নিরাপদ রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শাবিপ্রবি ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে।’

শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন কমিটি গঠনের উদ্যোগ শুধু একটি সাংগঠনিক বিষয় নয়, এটি প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও শাবিপ্রবিতে এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘আমরা এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।