ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ, আলোচনা সভা
শহীদ আমিনুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৯০তম শহীদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিবিরের দ্বিতীয় শহীদ আমিনুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ৪০৩ নম্বর কক্ষে ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আইন অনুষদের ডিন ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের প্রফেসর ড. মো: নাজিমুদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সহ-সভাপতি হাসানুল বান্না চপল।

আলোচনা সভায় বক্তারা ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সময়ে কর্মীদের আত্মত্যাগ ও শাহাদাতের বিষয় তুলে ধরেন। তারা বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না। যুগে যুগে এ আন্দোলনের দায়িত্বশীল ও কর্মীরা বিভিন্ন শাসকগোষ্ঠীর রোষানলের শিকার হয়েছেন।

প্রধান অতিথি ফখরুদ্দিন মানিক বলেন, ‘শহীদরা দুনিয়ার কোনো স্বার্থ, ব্যক্তি স্বার্থ কিংবা নিজেদের কোনো উদ্দেশ চরিতার্থ করার জন্য জীবন দেননি। তারা আল্লাহর প্রতি আত্মনিবেদন করে তার বড়ত্ব এ জমিনে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। মানুষের জন্য ইনসাফের সমাজব্যবস্থার স্বপ্ন লালন করেছেন।’

তিনি আরো বলেন, ‘আল্লাহর এ জমিনে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য শহীদরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। আল্লাহর সাথে কৃত চুক্তি অনুযায়ী তারা এ পথেই নিজেদের জীবনকে শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছেন। তাদের আত্মত্যাগ ইসলামের কাজকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা। শহীদদের ত্যাগকে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাহমুদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক ফরহাদ রেজা উসামা, এইচআরডি ও পাঠাগার সম্পাদক আবু সালেহ রায়হান, সমাজসেবা সম্পাদক মুতাসিম বিল্লাহ খান, গবেষণা সম্পাদক ইয়াসিন আরাফাত, ব্যবসায় শিক্ষা সম্পাদক সাকিবুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ আমিনুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।