শিক্ষা
কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন নয়া দিগন্ত

আওয়ামী আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালযের ভিসি তার পদ ছেড়ে রাজনৈতিক সংগঠনের সভাপতি হওয়ার প্রত্যাশা করেছিলেন- এমন প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার এ ধরনের ব্যক্তিত্বের শিক্ষককে প্রশয় দেবে না। এ সময় শিক্ষকদের রাজনীতির চিন্তা থেকে বেরিয়ে এসে শিক্ষাদানে মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক দশকের যৌথ পথচলা প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব নবাব আলী সিনেট ভবনে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এলামনাই এসোসিয়েশন। আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, ভিসি ওবায়দুল ইসলাম, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন।

দেশের সবচেয়ে নির্যাতিত পরিবার জিয়া পরিবার বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনার ব্লু ইকোনমি নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার কথা ভাবছে সরকার। মালয়েশিয়ার মতো সরকার বাংলাদেশকে শিক্ষার হাব বানানোর উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, অবারিত মেধার বাংলাদেশে শিক্ষাকে গুরুত্ব দিলেই সব অসম্ভবকে সম্ভব করা যাবে। যত সম্পদ আছে তা দিয়েই আজ ও আগামীর বাংলাদেশ গড়া সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবিএম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ কখনো বিফলে যায় না। দেশের ইতিহাসে এই প্রথম শিক্ষাখাতে বড় বাজেট দিয়েছে সরকার। শিক্ষার জন্য শুধু সরকারি বরাদ্দ দিয়ে সব সম্ভব নয়, এজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।