
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এ লক্ষ্যে দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে পৃথক চারটি উপ-কমিটিও গঠন করা হয়। তবে কেন্দ্র ও সময় ব্যবস্থাপনাসহ বিভিন্ন জটিলতার কারণে চলতি বছরেও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এ অবস্থায় জাবি বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করতে গেলে মার্চের শেষ দিকে কিংবা এপ্রিল মাসে পরীক্ষা নিতে হতে পারে। এতে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর জাবির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কাঙ্ক্ষিত ও মানসম্পন্ন শিক্ষার্থী পাওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একারণে এবছরও ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়া সম্ভব হচ্ছে না।
জাবি ভর্তি কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ভর্তি পরীক্ষায় পদ্ধতিগত পরিবর্তন এনে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেয়ার বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অ্যাকাডেমিক কাউন্সিলের পরামর্শ প্রয়োজন।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। আমরা যদি বিভাগীয় পর্যায়ে যাই, সেক্ষেত্রে আমাদের পরীক্ষা মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে নিতে হবে। এতো পরে পরীক্ষা নিলে অন্য সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়া হয়ে যাবে। তখন শিক্ষার্থী, বিশেষ করে মানসম্পন্ন শিক্ষার্থী পাওয়া যাবে না।’
আলী রেজা আরো বলেন, ‘বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে গেলে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে, তাদের একটি ডিমান্ড আছে। পরীক্ষা পরিচালনার জন্য সেগুলো পরিশোধ করতে গেলে ফর্মের দাম অনেক বেড়ে যায়। সব তথ্য উপস্থাপন করে অ্যাকাডেমিক কাউন্সিলে যাওয়া হবে। অ্যাকাডেমিক কাউন্সিল যে পরামর্শ দেবে, সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম জানান, বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন হতে পারে। তিনি বলেন, ‘আমরা যে স্লটগুলো নেব, সে স্লটগুলো বন্ধ হয়ে গেছে। পরীক্ষা শেষে নিতে হলে আমাদের এপ্রিল-মে মাসের আগে সম্ভবই না। যেটা আমাদের জন্য দেরি হয়ে যায়।’
তিনি আরো জানান, আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেয়া হবে।
এর আগে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে পৃথক উপ-কমিটি গঠন করে প্রশাসন।








