জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে নেয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম এ বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আমরা আগামী জানুয়ারির ১৭ তারিখ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছি।’

বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রো-ভিসি বলেন, ‘বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেয়া কঠিন হতে পারে। আমরা যে স্লটগুলো নেব, সে স্লটগুলো বন্ধ হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে মাসের আগে সম্ভব না। যেটা আমাদের জন্য দেরি হয়ে যায়।’

তিনি জানান, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেয়া হলে দৈনিক একটি করে ইউনিটের পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়ে জাবি প্রশাসন চারটি বিভাগীয় শহরে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিল। তবে পরীক্ষা আয়োজনের সময়সূচি ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে জটিলতার কারণে এবছরেও ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।