শিক্ষক
অভিযোগপত্র নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আতাউর রহমানকে মোবাইল করে চাঁদা দাবি ও চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: এমরান জাহান ও সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ে কর্মস্থলে অবস্থানকালে ০১৩৩৮৭০৮৯৯৩ নম্বর থেকে অধ্যাপক ড. মো: আতাউর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হয়। এ সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণ করা হবে বলেও সরাসরি হুমকি দেয়া হয়।

ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে শিক্ষক সমিতি বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ ও দেশের একজন সিনিয়র নাগরিকের সাথে এমন আচরণ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। এ ঘটনায় অধ্যাপক আতাউর রহমান সাভারের আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষক সমিতি বলেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকি প্রদানকারী চক্রকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে। একই সাথে অধ্যাপক আতাউর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

শিক্ষক সমিতি আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজসহ সব নাগরিকের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষকের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’