
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের কয়েকটি মূল উদ্দেশ্য রয়েছে। এর অন্যতম হলো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম সচল রাখা। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং তাদের ভেতর থেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।’
তিনি বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চরিত্র গঠনের পাশাপাশি জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার জগতে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
উদ্বোধনী ম্যাচে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাদশের মুখোমুখি হয় লোকপ্রশাসন বিভাগের একাদশ। ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।







