ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সাথে সমঝোতা নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক্যারিয়ার হাবের একটি অফিস স্থাপন ও পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।

সমঝোতা অনুযায়ী, অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা ও ব্যক্তিত্ব মূল্যায়ন, জীবনবৃত্তান্ত ও কভার লেটার তৈরি, চাকরির আবেদন ও সাক্ষাৎকারের প্রস্তুতি, ভাষা ও ডিজিটাল দক্ষতার উন্নয়ন, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে পরামর্শ দেয়া হবে।

এ ছাড়া বিভিন্ন নিয়োগদাতা ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে ক্যারিয়ার এক্সপো, শিল্পপ্রতিষ্ঠানের পরিদর্শন ও মক ইন্টারভিউ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্যাম্পাসে সরাসরি নিয়োগ, ফেলোশিপ, গবেষণা অনুদান ও গ্লোবাল সিটিজেনশিপ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে তোলারও পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও এর কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তারা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান। 

এ ছাড়া সেন্ট্রাল ল্যাবের পরিচালক প্রফেসর ড. মো: জাহিদুল ইসলাম, প্রশাসন গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো: আলিউল আজীম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, খুলনা শাখার ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান ও খুলনা হাবের অ্যাক্টিভেশন অ্যান্ড এনরোলমেন্ট ইউনিটের সাজ্জাদুল ইসলাম।

ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম জানান, বর্তমানে সাতটি সেন্টারের আওতায় প্রায় ৭১ হাজারের বেশি তরুণকে যুক্ত করা হয়েছে এবং ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে কাউন্সেলিং করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৪০০ জনের বেশি তরুণকে বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ কার্যক্রমে ক্যারিয়ার সচেতনতা, বিভিন্ন ধরনের মূল্যায়ন, নিয়মিত কাউন্সেলিং, জীবনবৃত্তান্ত পর্যালোচনা, মক ইন্টারভিউ ও সরাসরি করপোরেট এক্সপোজারের সুযোগ থাকবে। সাধারণ চাকরি মেলার বাইরে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ দেয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহী এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সনদ প্রদানের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দক্ষ, পেশাদার এবং কর্মসংস্থান উপযোগী প্রকৃত মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘উচ্চশিক্ষিত বেকারত্ব নিয়ন্ত্রণে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ক্যারিয়ার হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, এর আগে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের জন্য সাত সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফকে আহ্বায়ক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. জাহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়। গত ৭ সেপ্টেম্বর ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে এসে প্রস্তাবিত ক্যারিয়ার হাবের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।