ইসলামী বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাওয়া ইবির শিক্ষকদের সংবর্ধনা নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পাওয়া শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জাকির হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: এমতাজ হোসেন এবং ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, গ্রীন ফোরামের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।