
ঢাকা বিশ^বিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির ধারণাপত্র ভিসির রুটিন দায়িত্বে নিয়োজিত প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক আধুনিক ভাষা ইনস্টিটিউটের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধিদল গতকাল সকালে এই ধারণাপত্র হস্তান্তর করে। ধারণাপত্রে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা প্রদান করা হয়েছে।
এই ধারণাপত্র পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়নে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি থাকবেন। প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি থাকবেন। বিজ্ঞপ্তি।







