
সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করার মাধ্যমে আমরা রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারি বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশীদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভ্যাট ব্যবস্থাপনা এবং অনলাইন আয়কর রিটার্ন দাখিল শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এসময় ভিসি বলেন, ‘ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে আরো সচেতন হতে সহায়তা করবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামীম বুলবুল, কর কমিশনার, কর অঞ্চল-বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: মেহেবুব হক, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশাল এবং প্রীতিশ বিশ্বাস, উপ কর কমিশনার, কর অঞ্চল-বরিশাল। এসময় আরো উপস্থিত ছিলেন হাফিজ-আল-আসাদ, মহাপরিচালক, কর পরিদর্শন পরিদফতর।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য আয়কর রিটার্ন দাখিল ও ভ্যাট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদানই ছিল এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং দফতর প্রধানরা অংশগ্রহণ করেন।







