ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬, ইসলামী বিশ্ববিদ্যালয়, ছাত্রদল
ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ছবি: নয়া দিগন্ত

বাংলাদেশ সরকারের ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। 

পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী।

কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে মশার প্রজননস্থল তৈরি হতে পারে, এমন স্থান পরিষ্কার ও এডিস মশা নিধন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের কার্যক্রম ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি নেয়া হয়। আজকের কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে ও আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’

এদিকে শাখা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানান ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। যেকোনো বিপর্যয় ঘটার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে নিজেদের, পরিবেশ ও সাধারণ মানুষকে তা থেকে রক্ষা করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এডিস মশা সাধারণত দিনের বেলায় মানুষকে আক্রমণ করে ও জমে থাকা পরিষ্কার পানিতে এর লার্ভা তৈরি হয়। ক্যাম্পাসে মশা নিধনে ইতোমধ্যে ফগার মেশিন চালু করা হয়েছে। ক্যাম্পাসের পাশাপাশি হল, বিভাগ ও অফিসেও ডেঙ্গুর প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়। ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান তিনি।