সেমিনার
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ছবি: নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে সামাজিক সংগঠন ‘স্বজন’-এর উদ্যোগে সচেতনতামূলক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

এ সময় অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন। পড়াশোনা, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যৎ ক্যারিয়ার, সম্পর্কসহ নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবার, বন্ধু, শিক্ষক কিংবা প্রয়োজন অনুযায়ী পেশাদার পরামর্শদাতার সাথে কথা বলা জরুরি।’

তিনি আরো বলেন, ‘মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগ এবং ইতিবাচক জীবনযাপনের প্রতি মনোযোগী হতে হবে। একই সাথে বন্ধু, সহপাঠী ও স্বজনদের আশপাশের মানুষের আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তনের প্রতি সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন।’

সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।