
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।’
তিনি বলেন, ‘যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’
এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথির মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তারা ভাসানীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তার মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় ভাসানীর মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠে মাজার প্রাঙ্গণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








