আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, জিয়াউর রহমান, খালেদা জিয়া, ভারত, বিএনপি, রিজভী
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

পলাতক ফ্যাসিস্টরা আবার পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা জনগণ আর সফল হতে দেবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। জনগণ আর শেখ হাসিনাকে দেখতে চায় না।

রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে সমাজে নৈরাজ্য তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এই ব্যর্থ প্রচেষ্টা কখনোই এদেশের মানুষ সফল হতে দেবে না, আগেও দেয়নি।  ১৭ বছর আওয়ামী লীগ এ দেশের মানুষের ওপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আবার পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় এসে আবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের টাকা পাচার করতে চায়। তাদের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের জীবনযাপন করবে। ওই সুখের স্বর্গ আলোকিত করার জন্য তারা আবার গুম-খুন ও হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে নৈরাজ্য তৈরি করে ক্ষমতায় আসতে চায়। এদেশের মানুষ ওই রক্তাক্ত ফ্যাসিস্টদের এবং সেই আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না- সেই দৃঢ় শপথ আজকের এই দিনে এদেশের মানুষ নিয়েছে।

রিজভী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যেকটি নৈরাজ্য, সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে আজকে জনগণ ঐক্যবদ্ধ হোক। আজকে জনগণ সারা বাংলাদেশের এই প্রবঞ্চকদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবে, ইনশা আল্লাহ। আপনারা দেখছেন ঢাকা মহানগর দক্ষিণে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকেই আন্দোলন-সংগ্রামের স্বয়ং সাক্ষী। দেশের মানুষের যে সংগ্রামী শক্তি, সেই শক্তিকে যারা পরনির্ভরশীল করে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেয়, যারা সার্বভৌমত্ব দুর্বল করে দেয়- সেই শক্তিকে, সেই আওয়ামী চক্রকে এবং ফ্যাসিবাদের দোসরদের এদেশের মানুষ আর দেখতে চায় না।