
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করতে উন্নত দেশের আদলে ব্যাগ, জুতা, বই, পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করতেও বর্তমান সরকার কাজ করছে।
আজ শনিবার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে আয়োজিত নবীনবরণ এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও কেরানীগঞ্জের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছে বর্তমান সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব এবং পুরোহিতদের জন্য সম্মানি ভাতা চালু করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করার যে ভিত্তি, তা রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
কেরানীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ইতিহাস তুলে ধরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, এলাকার মানুষের শিক্ষার প্রসারে নয়াবাজার, কলাতিয়া, বাঘাপুর ও আব্দুল মান্নান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ।
তিনি স্মরণ করেন, ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার মাত্র তিন দিন পর তারেক রহমান অন্যান্য জেলার আগে কেরানীগঞ্জে এসে এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থাকার কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আমান উল্লাহ আমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে লেখা বাণীগুলো পড়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই আগামী দিনে সচিব, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সাংবাদিক তৈরি হবে, যারা দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








