
‘ফ্যাসিস্টদের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারাদেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিকেলে রাজধানীর শাহবাগে দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ফ্যাসিস্টরা গাড়িতে ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ও আগুন লাগিয়ে তারা জনগণের সরকারকে ব্যর্থ করবে বলে ভেবেছে। তারা নাকি হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এ দেশের মানুষ তাদের প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এ দেশের মানুষকে আটকাতে পারবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা শিশু, স্কুল-বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিকশাওয়ালা ও শ্রমিকদের হত্যা করেছেন। সেই হত্যাকারীকে ফিরিয়ে আনতে পতিতরা অগ্নিসন্ত্রাস করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল সদা প্রস্তুত আছে।
রিজভী উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তার অঙ্গীকারের প্রতি বিরোধীদলীয় নেতাও সমর্থন দিয়েছেন। বিশেষ করে যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিত হয়ে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, যুবদলের সহসভাপতি ডা: লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা: জাহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম এবং ছাত্রদলের সহসভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








