
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুশরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগানো পতিত শক্তির সারাদেশে পরিকল্পিতভাবে নাশকতা অপচেষ্টার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি জাতীয় চেতনা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা সাতই নভেম্বরের চেতনার মধ্য দিয়েই প্রস্ফুটিত হয়। বিপ্লবের পরিস্থিতি তখনই আসে যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায়, যখন কিছুই করার থাকে না। ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের নানা নমুনা আমরা দেখেছি। সে সময় মেধার মূল্যায়ন হয়নি, দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং পাঠ্যপুস্তক নিজেদের সাজানো ইতিহাস দিয়ে তৈরি করা হয়েছে। অথচ শিক্ষা হলো সত্য ও মিথ্যার যাচাই করার আলো হৃদয়ে ধারণ করা। ফ্যাসিবাদ যুগে যুগে বিভিন্ন বুদ্ধিজীবী ও বিখ্যাত দার্শনিকদের সমর্থনও পেয়েছে।’
তিনি বলেন, ‘সাতই নভেম্বরের মূল চেতনা হলো আমাদের চিন্তার দিক থেকে আত্মনির্ভর করা, নিজের পায়ে স্বায়ত্তশাসিতভাবে চলার শক্তি যোগানো এবং ভয়হীন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ নির্ভয়ে চলাচল ও মতপ্রকাশ করতে পারবে। তবে এখনো নানা দিক থেকে ফ্যাসিবাদকে জাস্টিফাই করার এবং পরিকল্পিত নাশকতার চেষ্টা চলছে। তবে কৃত্রিমভাবে পরিকল্পিত কোনো জিনিস যেখানে মানুষের সমর্থন নেই, তা টিকতে পারে না এবং গ্রহণযোগ্য হতে পারে না।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া, যা ক্রমান্বয়ে স্বচ্ছতা দান করে। কিন্তু দুঃশাসন ও ফ্যাসিবাদ আমলে প্রকৃত মেধাবী মানুষের মূল্যায়ন হয় না। উদাহরণস্বরূপ, ১৯৭২ বা ১৯৭৩ সালে বদরুদ্দিন উমর বিশ্ববিদ্যালয় যোগদানের জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাক সুপারিশ করলেও, শেখ মুজিব ভাইস চ্যান্সেলরকে ডেকে নিষেধ করেন যাতে ওমর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারেন। অথচ পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, আইয়ুব খানের দালাল হিসেবে পরিচিত শামসুল হক (যিনি পরে পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছিলেন) রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থাকাকালীনও এক বিরোধী চিন্তার অধ্যাপক ওমরকে অন্যায়ভাবে স্যাক করতে বলেননি, বরং অত্যন্ত ভালো শিক্ষক হিসেবে তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরে শেখ মুজিব বলে দিচ্ছেন যে তারা যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে—এটি এক ধরনের ফ্যাসিজম। সে সময়ে শান্তিনেশন, সিরাজ সিকদারসহ অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে। পাবনায় ইছাম নদী ও পানির রঙ লাল হয়ে গিয়েছিল বলে সেসময়ের মানুষ গল্প করে।’
‘৭২ থেকে ৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এগুলোর নানা নমুনা আমরা দেখেছি। শিক্ষাক্ষেত্রে টিআইবির রিপোর্ট অনুযায়ী প্রাইমারি স্কুলের চাকরির রেট সাড়ে ৪ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে, যা আগে শোনা যায়নি। এ ধরনের অবকাঠামো ও শিক্ষা ধ্বংসের পেছনে একটাই লক্ষ্য ছিল—ক্ষমতায় টিকে থাকা। নিজেদের সাজানো ইতিহাস দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে, অথচ শিক্ষা হলো সত্য-মিথ্যা যাচাই করার আলো। এই শিক্ষাকে সংকুচিত করে নিজেদের মতো করে নেয়ার চেষ্টা করা হয়েছে এবং বুদ্ধিজীবীরা এ ব্যাপারে নিশ্চুপ থেকেছেন,’ বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘সাতই নভেম্বরের মূল চেতনা হলো আমাদের চিন্তার দিক থেকে আত্মনির্ভর করা এবং স্বায়ত্তশাসিতভাবে চলার শক্তি যোগান দেয়া। কালো অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসার এই সম্ভাবনা নিশ্চিত করে এদেশের জনগণ, ছাত্র-জনতা ও মানুষ। ১৯৯০ ও ২০২৪ সালেও মানুষ সেই শক্তির স্ফুরণ ঘটিয়েছে। তবে অপশক্তি কখনো চুপ থাকে না। হিটলারের পতনের পরও হানসুনসহ অনেকে তার পক্ষে কাজ করেছেন। বর্তমানেও টকশোতে অনেকে ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন ও সাফাই গাইছেন। এক মাস বা অল্প সময়ের মধ্যে ১৪০০ ছাত্র-জনতা মারা যাওয়ার পরও যাদের বিবেকে দংশন হয় না, তারা নানাভাবে অস্থিরতা ও পরিকল্পিত নাশকতা তৈরির চেষ্টা করছে। তবে কৃত্রিমভাবে বা পরিকল্পিতভাবে মানুষের সমর্থনহীন কোনো জিনিস টিকতে পারে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








