
শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপের ঘটনা ঘটায় আন্তর্জাতিকভাবেই সেই গোষ্ঠীর কোনো সমর্থন থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। তাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যদি কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়, দেশের মানুষ প্রতিরোধ করে চক্রান্তকে নস্যাৎ করে দেবে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।
রিজভী বলেন, পরাজিত শক্তি কৃত্রিমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার যতই অপচেষ্টা করুক না কেন, তাদের দেশের মানুষ ফিরে আসতে দেবে না।
তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ও তার দল নিষিদ্ধ। হত্যা, খুন ও রক্তপাতই তাদের রাজনৈতিক এজেন্ডা ও রাজনৈতিক সংস্কৃতি। সেই পুরোনো রাজনৈতিক ধারায় জোর করে প্রত্যাবর্তন করতে চাচ্ছে দলটি। আমি মনে করি, সম্পূর্ণরূপে তারা স্বর্গে বাস করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি আশ্রয় নেয়ার মৌলিক অধিকার রয়েছে। তবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ আইনে নেই।
তিনি বলেন, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ তা আর করতে দেবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ অবস্থাতেই তাদের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
রিজভী বলেন, কৃত্রিমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে পরাজিত অপশক্তি। টকশোতে দোসরদের কেউ কেউ উচ্চকণ্ঠে কথা বলছে। তবে ডাকাত বা সন্ত্রাসীদের স্বাধীন কণ্ঠ থাকতে পারে না।
এর আগে, সকালে মোহাম্মাদপুর মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন রিজভী। এসময়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেবল মুখস্থবিদ্যায় পরীক্ষা দিয়ে পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সাথে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়।
তিনি বলেন, একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো: সোহেল রহমান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








