শেখ হাসিনা, ভারত, রিজভী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইয়ে মহিমান্বিত আত্মদানের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে শুভ যাত্রা শুরু হয়েছে, যে বিজয় পতাকা তৈরি হয়েছে, সেটিকে কলঙ্কিত করার জন্য শেখ হাসিনা মনে করছেন আবার ফিরে এসে তার ফ্যাসিজম চালাবেন, একে ধরবেন, ওকে মারবেন, ওকে কাটবেন। তার সাজানো পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, বাংলাদেশের ওপর বুলডোজার চালাবেন আর উনার সাধের রাজত্ব আর রাজসিংহাসন তিনি ফিরে পাবেন। এই দূরকল্পনায়, এই দিবা স্বপ্নের মধ্যে ভুগছেন শেখ হাসিনা।

Advertisement

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা মনে করছেন ভারত তাকে পাঠিয়ে দিলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাকে মেনে নেবে? মানুষের রক্তের দাগ শহীদের রক্তের দাগ কি মুছে গেছে? এই জাতি জেগে উঠেছে। ৭ নভেম্বরের চেতনা হচ্ছে জেগে ওঠার চেতনা। ৭ নভেম্বরের চেতনা হচ্ছে অধিকার রক্ষার চেতনা। ৭ নভেম্বরের চেতনা হচ্ছে অহংকারী, অত্যাচারী লুটেরাদের পতনের চেতনা। 

আবার ফ্যাসিজমের রাজনীতি চালুতে করতেই কি শেখ হাসিনা ফিরে আসতে বিদেশীদের কাছে ধর্না দিচ্ছেন- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, শেখ হাসিনার লজ্জা নেই, সে ফিরে এলে দেশের জনগণ তাকে ছেড়ে দেবে না। এতো ভুল, হত্যা করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। 

রিজভী বলেন, নিভু নিভু গণতন্ত্রের প্রদীপটি ফুঁ দিয়ে নিভে দিয়েছিল আওয়ামী লীগ। স্বাধীন দেশের মানুষের আশা ও স্বপ্ন ধুলিসাৎ হয়েছিল বাকশালের মাধ্যমে।

তিনি বলেন, পাকিস্তানের শাসন আর স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের শাসন একই। রক্ষীবাহিনীর নিপীড়ন, হিটলারের নাৎসি বাহিনীর চেয়ে কম নয়। স্বাধীনতার কথা বলে ক্ষমতা দখল করে পরক্ষণেই জনগণের গলায় ছুরি চালিয়েছিল আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, ’৭৫ এর ঘটনার পর শেখ মুজিবুর রহমানের লোকেরা ক্ষমতা নিয়েছিল। আর ধ্বংসাত্মক দেশেকে উন্নয়নের দিকে নেয়ার ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান। পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনেন তিনি।