
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদ শক্তি কোনো কাজের মধ্যে দিয়ে উৎসাহিত হয় এমন কর্মকাণ্ড করা যাবে না। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান তিনি।
গতকাল রাতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) অফিসে ‘জয়বাংলা’ স্লোগান হয়েছে। এতে করে তারা পতিত ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার সুযোগ করে দিচ্ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা তিনি।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
রিজভী বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে সব গুজব পাতানো ও পরিকল্পিত। এগুলোর করে সরকারের ঊর্ধ্বমুখী উন্নয়নকে থামাতে পারবে না কেউ। যুবদল শেখ হাসিনার সকল দমন-নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের চালিয়েছে।’ যুবদল যুব সম্প্রদায়ের হয়ে আরো বেশি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।’
রিজভী বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহৎ যুব সংগঠনগুলোর একটিতে পরিণত হয়েছে।’
ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও দেয়া হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছপা হননি।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সংগঠনটি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








