
পূজা নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য মহান আল্লাহ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেছেন, আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।
শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
দেশবাসীর উদ্দেশে দেয়া এমপি নিজানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আসসালামু আলাইকুম। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আমার বক্তব্যের কিছু অংশের কয়েকটি বাক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আপনারা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এর রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তরুণ-তরুণীরা, আমার বিপক্ষ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার বক্তব্যের যে অংশটুকু আসলে ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয় সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থণা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।
আমি বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের মদীনায় অবস্থান করছি। এই পবিত্র স্থানে এসে আমি কায়মনোবাক্যে দোয়া করি- আল্লাহ যেনো আমার ঈমানকে আরো সুদৃঢ় ও মজবুত করেন। মহান আল্লাহ যেনো আমাকে সকলের কল্যাণে সর্বদা নিয়োজিত রাখে আপনাদের কাছে সে দোয়া চাই। সকলকে ধন্যবাদ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








