বিএনপি, আমান উল্লাহ আমান
সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি, চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে কৃত্রিম উপায়ে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলন কেউ গ্রহণ করবে না। জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তিনি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে যাচ্ছেন।

Advertisement

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানে নেতা মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন জাতিসঙ্ঘের অধিবেশনে সভাপতিত্ব করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য রাখছেন, সেই সময় শুরু হয়েছে ষড়যন্ত্র-চক্রান্ত। কিন্তু দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের বিশ্বাস করে না। ইনশা আল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এগুলোকে কেউ বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, চব্বিশের পরাজিত শক্তিরা ফাঁকা হুঙ্কার দিচ্ছে! বলি, কোথায় আসবেন? ইতিহাস বলে, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর ইতিহাস বলে কোনো পলাতক ফ্যাসিস্ট যে একবার দেশ ছেড়ে পালিয়ে যায়, সে কোনো দিন দেশে আর আসতে পারে না। আসতে পারবে না। 

পলাতক ফ্যাসিস্ট শক্তির কর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে আমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনূস বিদেশে গিয়েছেন, তাকে কটূক্তি অবমাননা কেন? বাংলাদেশকে তো তিনি গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছেন এবং বাংলাদেশের জনগণ ভোটাধিকার পেয়েছে।