রুহুল কবির রিজভী, বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি করা ফ্যাসিস্টদের কোনোভাবে রাজপথে আসতে দেয়া হবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিরোধী দলের কোনো কর্মসূচিতে সরকার কোথাও কেউ বাধা দেয়নি।’ তবে পরাজিত শক্তিকে আশকারা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ আহ্বান জানান রিজভী। 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশটা একটি শান্তির বার্তা দিয়ে এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্যে নিয়ে যেতে কাজ করেছেন। বিরোধী দল অনেক আজেবাজে কথা বলছেন, অনেক অপপ্রচার করছেন, কলঙ্কিত করছেন, কিন্তু তারপরেও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে গণতন্ত্রের পরিবেশ তৈরি করছেন। তারপরও বিরোধী দল লংমার্চ করছেন, বিক্ষোভ সভা করছেন, মন্ত্রীকে হুংকার দিচ্ছেন, কাউকে কুকুরের মতো মারবেন বলছেন। এবং সরকারি সম্পত্তি আপনারা ধ্বংস করছেন।’

বিরোধী দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গাড়িতে আগুন লাগাচ্ছে কে? সিএনজিতে আগুন লাগাচ্ছে কে? ট্রেনে আগুন লাগাচ্ছে কে? আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের পেটোয়া বাহিনী দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে যে ধরনের কথা বলছেন, সেই কথার মধ্যে গিয়ে আজকে পতিত ফ্যাসিস্টরা সাহস পাচ্ছে, উৎসাহিত হচ্ছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমান গণতন্ত্র বিস্তারের কাজ করে যাচ্ছেন। অথচ বিরোধী দল আত্মদানের দৃষ্টান্ত, বিজয়-বিপ্লব, যে মহান আত্মদানের দৃষ্টান্ত ৫ আগস্টের বিজয়, সেই বিজয়কে পণ্ড করার চেষ্টা করছেন।’