অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ছবি: নয়া দিগন্ত

বাংলাদেশে শরিফ ওসমান হাদিকে হত্যায় ভারতের কেন্দ্রীয় সরকার জড়িত- দেশটির রাজ্যের মুখ্যমন্ত্রী এমন বক্তব্য ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের যে আত্মদান, সেই আত্মদানকে ভারত পদদলিত করে তারা আর্মস ক্যাডার ও সন্ত্রাসী পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে হত্যার চক্রান্ত করেন! তারপরেও ভারত সম্পর্কের কথা বলেন! সামনাসামনি কথা হলে অনেক সুমধুর কথা বলে ভারত, কিন্তু ভেতরে ভেতরে ভারত যে চক্রান্তের জাল তৈরি করছেন শেখ হাসিনাকে কেন্দ্র করে, সেটা অত্যন্ত সুস্পষ্ট।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকসের অনুষ্ঠানে না যাওয়া ঘটনা গর্বের। তার না যাওয়ার ঘটনায় পরেরদিন আদানি পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে গেল, এটা বুঝতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় না। খুনিরা ভারতে বসে আছে, যাদের বিচার হয়েছে, তাদেরকে কেন হস্তান্তর করছেন না? এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধা দল এবং এ দেশের জাতীয়তাবাদী শক্তি আমাদের যে মহান মুক্তিযুদ্ধের অর্জন এবং গণতন্ত্রের অর্জনের যে দুই ব্যানার, এই ব্যানারকে নিয়ে চলবে।

রিজভী বলেন, ১৭ বছরের ময়লা-জঞ্জাল ও অরাজকতার পরে দেশকে একটি উজ্জ্বল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে তারেক রহমান দিন-রাত কাজ করছেন। একটি জাতি হয় কিভাবে? সেই সরকার যদি গুম করে, জাতির মুখ উজ্জ্বল হবে না; ওই সরকার যদি বিরোধী এবং নিজ দলের লোককে ক্রসফায়ার দেয়, তাহলে সেই সরকারের ভাব উজ্জ্বল হবে না। সেটা শেখ হাসিনার সরকার করেছে- সেটা ছিল অন্ধকার, সেটা ছিল চরম এক নৈরাজ্যকর পরিস্থিতি। সেইখান থেকে একটি ভয়ঙ্কর আন্দোলন- যে আন্দোলনে প্রাইমারি স্কুলের ছাত্ররা, হাই স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, রিকশাওয়ালা, শ্রমিক- সবাই জীবন দিয়েছে। শেখ হাসিনা ১,৪০০ তরুণ-তরুণী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রিকশাওয়ালা ও শিশুকে হত্যা করেছে। তারপর আমরা পেয়েছি গণতন্ত্রের উত্তরণের পথে একটি পরিবেশ, একটি শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশের মধ্যে নির্বাচন। সুতরাং তার পুনরাবৃত্তি করা যাবে না।

রিজভী বলেন, গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে তারেক রহমান সরকার পরিচালনা করছে। কেউ এ সরকারের আমলে গুম হয়নি।