
গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে কিছুটা ধীরগতি রয়েছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এতে শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে আবারো জড়ো হতে শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারো ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর বেলা ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে আট থেকে নয়টি কারখানায় ছুটি দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








