সালাহউদ্দিন আহমদ, মিয়ানমার, জাতিসংঘ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ​মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

Advertisement

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাফতরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। দীর্ঘ দিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এর পাশাপাশি আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজি) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।

জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসঙ্ঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় ট্রেনিং ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেয়া হয়।

সাক্ষাৎকালে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।