
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সময়সীমা ১৫ নভেম্বর থেকে বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এর আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে।
মোটরসাইকেল (স্কুটার) : ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হবে।
স্কুটার ব্যতীত অন্য মোটরসাইকেল : নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ নির্ধারিত অন্য আবশ্যিক শর্তগুলো হলো :
ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
স্কুটার ব্যতীত অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








