স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি, মনোনয়নপ্রত্যাশী
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এমপি আবুল খায়ের ভূঁইয়া। নয়া দিগন্ত

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট।’

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সাক্ষাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে আমাদের নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়নে আমাদের মধ্যে কঠিন ঐক্য রাখতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে যাব। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।’

তিনি বলেন, ‘আপনাদের মধ্যে অনেকে দীর্ঘদিন এ সমাজ ও এলাকার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেকে নিজের অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন। যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে এমন ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে যিনি আগে দলের সাথে সরাসরি কাজ করেননি; কিন্তু এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে ও দলের পক্ষে ভোট নিশ্চিত করতে পারেন। তবে সবকিছু দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেয়া হবে।’

ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য জানান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-সবাইকে সাথে নিয়ে তারা কাজ করতে চান। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পক্ষে না থাকলে রায়পুরবাসীসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারা হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক পৌর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আলমাছ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির, যুবদল নেতা নবীউল্লা রুবেল, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। এ ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।