ডেঙ্গু, মৃত্যু
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, মৃতদের মধ্যে বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে দু’জন করে মারা গেছে। তাদের সবাই সিটি করপোরেশন এলাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫৭ হাজার ৬১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সূত্র : ইউএনবি