গ্যাসের প্রবাহ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে : মাহদী আমিন

 নিজস্ব প্রতিবেদক 

সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর  সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ করে যাচ্ছে। বৈদেশিক ঋণের চাপ মোকাবেলা, অত্যপ্রয়োজনীয় সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ করাসহ প্রতিটি পদক্ষেপে জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সামনের দিনগুলোতে এর ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।  এসব সাফল্য আগামী দিনে বাংলাদেশকে একটি মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক  গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের যে সুদৃঢ় পথযাত্রা সেটিকে আরো বিকশিত করবে।  
গত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়তো করে ফেলা কঠিন বা দুরূহ। তবে বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার যার ক্ষমতার একমাত্র উৎস জনগণ সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান। দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই।   
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি এর রেটিংয়ে বাংলাদেশকে মঙ্গলবার নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র; যার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধু বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না। আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না, বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন, সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে। 
জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহদী আমিন বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় এবং বিশেষত আশপাশের যেকোনো দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম; অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেয়া হচ্ছে যেন জনগণের ওপর চাপ না পড়ে।
তিনি বলেন, গত এক মাসে নির্বাচিত সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ নিয়েছে আমরা এগুলোকে মোটামুটিভাবে সাতটি ভাগে বিভক্ত করতে পারি। এগুলো হচ্ছে-তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি উদ্ভাবন, গণমানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাত প্রাতিষ্ঠানিক সুশাসন জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
মাহদী আমিন বলেন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কল্যাণ ও জীবনমানের উন্নয়নে সরকারি কিছু পদক্ষেপ আমরা গত এক মাসে দেখতে পেয়েছি। তার মাঝে অন্যতম সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার এবং  সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন। এ ছাড়া সাইবার পরিসরে নারীদের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সাথে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গ্রহণের উদ্যোগ অন্যতম।
গত মাসের সরকারের কর্মকান্ডের একটি পরিসংখ্যান তুলে ধরেন মাহদী আমিন। এগুলোর মধ্যে আছে, প্রবাসে কর্মরত লাখো নারী ও পুরুষ শ্রমিকের আইনি সুরক্ষায় ১৩ দেশের শীর্ষ ২২টি আন্তর্জাতিক আইন সংস্থা সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, মানবিক বিবেচনায় কারাগারে বন্দিদের সাথে তাদের পরিবারের সদস্যদের নিয়মিত নিরাপদ ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থা প্রবর্তন, মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে ফিল্ড ফায়ারিং দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএচ সশরীরে প্রধানমন্ত্রীর উপস্থিতি, খোঁজখবর এবং অনুপ্রেরণা প্রদান, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের শহীদ দুই সেনা সদস্যের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন  প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, পরিবেশবান্ধব জ্বালানি, কৃষি ও জলবায়ু সহনশীল শিল্পায়নের ক্ষেত্রে কিছু কার্যকর দৃশ্যমান প্রকল্প ও উন্নয়ন। 
গ্যাসসঙ্কটের স্থায়ী সমাধানে পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, গ্যাসসঙ্কটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে আরো ১৫০টি কূপ খননের কার্যক্রম এরপর শুরু হবে। জ্বালানি সঙ্কট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে।  যোগাযোগ ব্যবস্থাপনা এবং স্মার্ট ট্রাফিকের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। ঢাকা চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশনের স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা স্থাপন করা হয়েছে।  
ফ্যাসিবাদী সংগঠনের নেতাদের বিচার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গত এক মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি দেখো গেছে। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের সাতজনের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় প্রদান করেছে। এই সরকার সংসদকে প্রাণবন্ত করার উদ্যোগ নিয়েছে। পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রথম ধাপে ৬৪ জেলা সদরের থানাকে শতভাগ জিরো কমপ্লেন্ট আধুনিক সেবা রূপান্তরের বৃহত্তর উদ্যোগ নেয়া হয়েছে।  
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রফতানির বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্যচুক্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি, ইইউর চিহ্নিত ৬১টি বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সফল ও কার্যকর সমাধান, বিদেশি পুঁজি আকৃষ্ট ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ-হংকং দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি অনুমোদন, ইউকো-ইউকে এক্সপোর্ট ফাইনান্সের আওতায় বাংলাদেশের জরুরি অবকাঠামো উন্নয়ন ও পণ্যক্রয়ে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহজ অর্থ বা ঋণ নিশ্চিতকরণ, আঞ্চলিক ভ্রাতৃত্ব ও জনকূটনীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্ধুপ্রতিম দেশ নেপালের জনগণের জন্য ১ মিলিয়ন ডলারের জরুরি মানবিক ত্রাণসহায়তা প্রদান, আকাশসীমা, সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা আধুনিকায়নে চীন থেকে ২০টি সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের জে-১০ সি সুপারসনিক যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া শুরু, সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিজস্ব নজরদারি ড্রোনে সুসজ্জিতকরণ এবং সিলেটে বিশেষায়িত ড্রোন ওয়ারফেয়ার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, ব্যবসায়ী ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগের সুবিধার্থে ঢাকা-সিউল সরাসরি নিয়মিত ফ্লাইট চালুর আনুষ্ঠানিক আলোচনা, নাগরিকদের বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক চলাফেরার সুবিধার্থে বার্ষিক বৈধ ট্রাভেল কোটার পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ১৮ হাজার মার্কিন ডলারে উন্নীতকরণ, তরুণদের কর্মসংস্থানের বিশেষ ঋণ তহবিল প্রভৃতি বিষয়ে সরকারের পদক্ষেপের কথা বলেন মাহদী আমিন। 
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও  অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণে নেয়া পদক্ষেপ তুলে ধরেন। 
এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো: সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।