মাদক
ভ্রাম্যমাণ আদালত ছবি: নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেনের পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম মাধনগর এলাকার মরহুম দুলাল মন্ডলের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪২), মো: সাইদুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসান (২২) ও মরহুম আহাদ আলীর ছেলে মো: সিরাজুল ইসলাম (৫৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন বলেন, ‘এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।’​