তুরস্ক, বিদেশি বিনিয়োগকারী,  নতুন, আবাসন সুবিধা,
ইস্তম্বুলের কাছে মারমারা সাগরের একটি দৃশ্য। সংগৃহীত

তুরস্কে কমপক্ষে দেড় লাখ ডলার বিনিয়োগ করলে বিদেশি নাগরিকেরা তিন বছরের আবাসিক অনুমতিপত্র পাবেন। আর দুই লাখ ডলার বা তার বেশি বিনিয়োগ করলে পাওয়া যাবে পাঁচ বছরের অনুমতিপত্র। বুধবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

Advertisement

মিডলইস্ট মনিটর আরো জানায়, প্রেসিডেন্টের জারি করা একটি আদেশ ‘বিদেশি বিনিয়োগকারীদের জন্য আবাসিক অনুমতিপত্র প্রদানসংক্রান্ত সিদ্ধান্ত’ শিরোনামে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইন ৬৪৫৮-এর ৩১ নম্বর ধারার আওতায় নতুন সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কে কমপক্ষে দেড় লাখ ডলার বিনিয়োগকারী বিদেশি নাগরিকেরা তিন বছরের আবাসিক অনুমতিপত্রের জন্য যোগ্য বিবেচিত হবেন। আর কমপক্ষে দুই লাখ ডলার বিনিয়োগকারীরা পাঁচ বছরের অনুমতিপত্র পেতে পারেন।

তবে এই আবাসিক অনুমতিপত্র কাজের অনুমতি হিসেবে গণ্য হবে না। তুরস্কে কাজ করতে আগ্রহী বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী আলাদা ওয়ার্ক পারমিট নিতে হবে।

এ ছাড়া নতুন নিয়মে দেয়া আবাসিক অনুমতিপত্রের ভিত্তিতে তুরস্কের নাগরিকত্ব পাওয়ার সুযোগও থাকছে না। তুরস্কের নাগরিকত্ব আইন ৫৯০১-এর ১২ নম্বর ধারায় বিশেষ প্রক্রিয়ায় নাগরিকত্ব অর্জনের যে বিধান রয়েছে, নতুন এই অনুমতিপত্র তার আওতায় পড়বে না।

নতুন নিয়মে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইন ৬৪৫৮-এ উল্লেখ করা সাধারণ শর্ত ও মূল্যায়নের মানদণ্ড অনুসারে।