
পাকিস্তানের সাথে ২০২৫ সালের মে মাসের সংঘাতে ভারতীয় বিমানবাহিনীর অন্তত চারটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। ইসলামাবাদের এ দাবি আবার নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতীয় বিমানবাহিনীর বহরে এখন ৩২টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। সংঘাতের আগে এই সংখ্যা ছিল ৩৬। অর্থাৎ এক বছরে বহর থেকে চারটি রাফাল গায়েব হয়ে গেছে।
পাকিস্তানের পুরানো ইংরেজি দৈনিক দ্য ডন বুধবার (১৮ নভেম্বর) আরো জানায়, সাময়িকীটির প্রকাশিত বিশ্ব বিমানবাহিনীর তালিকায় ভারতের সক্রিয় বহরে ৩২টি রাফালের কথা উল্লেখ করা হয়েছে। এতে পাকিস্তানের চারটি রাফাল ভূপাতিত করার দাবির পক্ষে নতুন ভিত্তি তৈরি হয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে পুরোনো নিয়মিত প্রকাশিত বিমানবিষয়ক সাময়িকী। এটি প্রতি মাসে প্রকাশিত হয়। সাময়িকীটি প্রকাশ করে বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম ফ্লাইটগ্লোবাল।
ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন নির্মিত দুই ইঞ্জিনের রাফাল যুদ্ধবিমানটি বিভিন্ন ধরনের সামরিক অভিযানে অংশ নিতে পারে। গভীর আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজবিধ্বংসী হামলায় ব্যবহারের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে। আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় যুদ্ধেও বিমানটি ব্যবহার করা হয়েছে।
২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। চুক্তির মূল্য ছিল ৮৮০ কোটি ডলার। সম্প্রতি আরো ১১৪টি রাফাল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের সূত্রপাত হয় অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর। কোনো প্রমাণ ছাড়াই ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন ছিল বলে অভিযোগ করে নয়াদিল্লি। ইসলামাবাদ তা অস্বীকার করে। সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষ নিহত হন। পাল্টাপাল্টি বিমানঘাঁটিতে হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়।
সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল। ভারত ‘কিছু ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করে।
তবে ওই সময় ফরাসি গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে জানান, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল ভূপাতিত হয়েছে। যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক ফরাসি এই যুদ্ধবিমান হারানোর ঘটনা ছিল প্রথম। একাধিক রাফাল ভূপাতিত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চলতি বছরের মে মাসে পাকিস্তান বিমানবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, সংঘাতে তাদের নিশ্চিতভাবে ভূপাতিত করা বিমানের মধ্যে ছিল চারটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ-২০০০ এবং একটি বহুমুখী চালকবিহীন আকাশযান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার ভারত-পাকিস্তান সংঘাতে বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তার দেয়া হিসাব ছিল ১০টি। এর আগে তিনি প্রথমে পাঁচটি, পরে গত বছরের অক্টোবরে সাতটি এবং নভেম্বরে আটটি বিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








