
চীনের প্রযুক্তিনগরী শেনজেনের একটি পার্কের খাবারের দোকানে মানুষের মতো দেখতে একটি রোবট কাপ হাতে তুলে নেয়। এরপর যন্ত্রের লিভার টেনে আইসক্রিমের ওপর প্যাঁচানো নকশা তৈরি করে তা ক্রেতার হাতে তুলে দেয়।
এ ধরনের প্রযুক্তিগত অগ্রগতিই বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় চীন। এ সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের শেনজেনে যাওয়ার কথা রয়েছে।
হংকংয়ের উত্তরে অবস্থিত এই শহরটি চীনের অন্যতম প্রধান শিল্প ও উৎপাদনকেন্দ্র।
চীনের রোবটগুলো নাচের চমৎকার দক্ষতার জন্য আগে থেকেই পরিচিত। তবে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকৌশলীরা এসব রোবটকে মানুষের মতো বিভিন্ন কাজ করার উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দিচ্ছেন। এ জন্য মানুষের মাথায় বিশেষ ক্যামেরা লাগিয়ে কাজের বিভিন্ন দৃশ্য ধারণ করা হচ্ছে। এসব ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে রোবটকে কাজ শেখানো হচ্ছে।
যদিও ঘর পরিষ্কার করা বা কাপড় ইস্ত্রি করার মতো জটিল কাজ এখনো রোবটগুলো একা করতে পারে না, তবে চীনের বিভিন্ন স্থানে তারা ইতোমধ্যেই সহজ কিছু কাজ করতে শুরু করেছে।
পার্কের আইসক্রিম তৈরির রোবট এবং তার পাশে কফি তৈরি করা আরেকটি রোবট দেখে এক শিশু বলে ওঠে, ‘মা, দেখো!’
এ সময় পথচারীরা মুঠোফোনে রোবটগুলোর কাজের দৃশ্য ধারণ করছিলেন। প্রতিটি আইসক্রিম ও কফির দাম প্রায় চার ডলার।
এআই রোবোটিকস নামের প্রতিষ্ঠানটির তৈরি এ দুই রোবটের কাজকর্ম পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে তাদের তৈরি ২০০টি মানবসদৃশ রোবট বিভিন্ন স্থানে কাজ করছে। শেনজেনের ওই পার্কেই প্রতিদিন সর্বোচ্চ ৩০০ কাপ কফি বিক্রি হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গুও ইয়ানডং বলেন, ‘আমরা বাস্তব পরিবেশের বিভিন্ন পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করছি। যেমন, ভিন্ন ভিন্ন আলোর পরিবেশে রোবট কিভাবে কাজ করে, তা জানা যাচ্ছে। এসব তথ্য রোবটকে অনিশ্চিত ও পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।’
বিশ্বের উৎপাদনকেন্দ্র চীনে রোবট প্রযুক্তির প্রসার
চীনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের চলতি বছরের এক জরিপে দেখা গেছে, চীনের ৮৩ শতাংশ মানুষ এআই ব্যবহার করে তৈরি পণ্য ও সেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
জরিপে অংশ নেয়া ৩২টি দেশের মধ্যে এ হার সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মাত্র এক-তৃতীয়াংশ মানুষ।
চীনের কর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ‘এমবডিড এআই’ প্রযুক্তিনির্ভর রোবট খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩০ শতাংশ বেড়েছে।
এমবডিড এআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে রোবট চারপাশের পরিবেশ বুঝতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজে থেকে কাজ করতে পারে।
কৌশল ও উদ্ভাবনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান জেনজেন ল্যাবসের ডারমট ম্যাকগ্রা বলেন, চীন বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র।
তার মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের কয়েক দশকের উৎপাদন অভিজ্ঞতা রোবট নির্মাতাদের জন্য বড় সুবিধা।
শেনজেনের মতো শিল্পাঞ্চলে এসব যন্ত্রাংশের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাছাকাছি অবস্থান করায় রোবট নির্মাতারা দ্রুত যন্ত্রাংশ তৈরি, পরীক্ষা ও ব্যবহার করতে পারছেন।
প্রায় এক কোটি ৮০ লাখ মানুষের বসবাসের এই শহরে অন্য অনেক জায়গার তুলনায় অনেক দ্রুত নতুন প্রযুক্তি পরীক্ষা ও বাস্তব কাজে প্রয়োগ করা সম্ভব বলে এএফপিকে জানান ম্যাকগ্রা।
শেনজেনের একটি পণ্য পরিবহন কেন্দ্রে এআই প্রযুক্তির আরেকটি ব্যবহার দেখা গেছে। সেখানে শহরটির আরেকটি প্রযুক্তি স্টার্টআপ এক্স স্কয়ার রোবটের তৈরি দু’টি যান্ত্রিক হাত চলন্ত বেল্ট থেকে বিভিন্ন আকারের পার্সেল তুলে নিচ্ছে। প্রয়োজন হলে পার্সেল উল্টে দিচ্ছে, যাতে সেটির ঠিকানার লেবেল ওপরের দিকে থাকে।
এক্স স্কয়ারের ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড পেই বলেন, ‘পার্সেলটি নরম ব্যাগ হলে রোবট তার বিশেষ গ্রিপার দিয়ে সেটি ধরে। আর কার্টনের বাক্স হলে দু’টি হাত সমন্বয় করে সেটি সরিয়ে নেয়।’
তার ভাষ্য অনুযায়ী, একটি আদর্শ এআই রোবট নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, কোন পরিস্থিতিতে কী করতে হবে। তবে বিভিন্ন বাড়ির মতো অনিয়ন্ত্রিত পরিবেশে কাজ করা রোবটের জন্য অনেক বেশি কঠিন। কারণ বাড়িভেদে আলো, মেঝে ও আসবাবপত্রের ধরন আলাদা হয়।
শেনজেনের কাছাকাছি ডংগুয়ান শহরের একটি সুপারমার্কেটে ২৩ বছর বয়সী ওয়াং লিন সেন্সরযুক্ত গ্লাভস ও ক্যামেরা লাগানো বিশেষ হেলমেট পরে তাকের পণ্য সাজাচ্ছিলেন।
তার প্রতিটি কাজ ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। পরে এসব তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চীনের বিভিন্ন স্টার্টআপের মতো মানুষের কাজের এসব তথ্য সংগ্রহ করে রোবটের মস্তিষ্ক হিসেবে কাজ করা এআই মডেল তৈরির প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে।
ওয়াং লিন এএফপিকে বলেন, ‘কারখানায় কিংবা উঁচু জায়গায় কাজ করার মতো ঝুঁকিপূর্ণ ও একঘেয়ে কাজগুলো রোবট মানুষের পরিবর্তে করতে পারে। এতে মানুষ আরো সৃজনশীল কাজে মনোযোগ দেয়ার সুযোগ পাবে।’
চীনের বিভিন্ন এলাকায় জুতা মেরামতকারী, নাপিত, ফুল বিক্রেতা, কারখানার শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীরাও একই ধরনের বিশেষ পোশাক ও যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কাজের দক্ষতা রেকর্ড করছেন। এসব কাজের বিনিময়ে তারা অর্থও পাচ্ছেন।
স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর জানিয়েছে, চীনের প্রায় এক হাজার ৬০০টি ও বিদেশের এক হাজারটি স্থানে তারা এ ধরনের তথ্য সংগ্রহ করছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কাং ইউয়ের মতে, বর্তমান সময়ের রোবটগুলো বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকা শিশুর মতো।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের চীনবিষয়ক এআই বিশেষজ্ঞ পাভলো জভেনিহোরোদস্কি বলেন, চীনের এআই রোবটগুলো এখনো মূলত নির্দিষ্ট নিয়মে পরিচালিত ও বারবার করা যায়—এমন কাজের মধ্যেই সীমাবদ্ধ।
তবে প্রযুক্তিগত সক্ষমতা আরো বাড়লে চীনের অর্থনীতির বিভিন্ন খাতে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার দেখা যেতে পারে বলে তিনি মনে করেন।
চীনে রোবট ও অন্যান্য প্রযুক্তিনির্ভর উদ্যোগে সরকারের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে খাবার সরবরাহের রোবট থেকে শুরু করে বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলি গুছিয়ে রাখার রোবট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
বিশ্বের অন্যতম বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল ইতোমধ্যেই বিপজ্জনক কাজের জন্য চীনের স্পিরিট এআইয়ের তৈরি মানবসদৃশ রোবট ব্যবহার করছে।
এসব রোবট উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের প্লাগ লাগানোর কাজ করছে, যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টরের প্রতিষ্ঠাতা কাং ইউ আশা করছেন, আগামী বছর চীনে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








