দক্ষিণ কোরিয়ার কলেজ ভর্তি পরীক্ষা, সুনুং পরীক্ষা, পরীক্ষায় জালিয়াতি, লুকানো মাইক্রোক্যামেরা, জেনারেটিভ এআই, পরীক্ষার নিরাপত্তা, স্মার্ট গ্লাস, পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি
স্মার্ট চশমায় পরীক্ষায় জালিয়াতি, সতর্ক দক্ষিণ কোরিয়া। সংগৃহীত

লুকানো মাইক্রোক্যামেরা এবং জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংক্রান্ত একটি বড় ধরনের প্রতারণার কেলেঙ্কারির পর দক্ষিণ কোরিয়া তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ প্রবেশিকা পরীক্ষার (সুনুং) জন্য নিরাপত্তা ও পরিদর্শন প্রোটোকল উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে।

Advertisement

প্রধানমন্ত্রী হান এক সংবাদ সম্মেলনে জানান, ‘বৃহস্পতিবার বার্ষিক কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্টে আনুমানিক ৫৫০,০০০ শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এই পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পোশাকের বোতামগুলোর ওপর স্টিকার লাগিয়ে দেয়া হবে।

জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী এক দক্ষিণ কোরিয়ান ব্যক্তি যখন গোপন ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে এআই টুলের কাছে পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়েছিলেন বলে স্বীকার করেন, তার পরেই এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলো।

মূল নিরাপত্তা ব্যবস্থা
বর্ধিত স্ক্রিনিং প্রক্রিয়ার অংশ হিসেবে, পরীক্ষার কর্মকর্তারা পরীক্ষার্থীদের কলার, পোশাকের বোতাম এবং হাতা লুকানো ইলেকট্রনিক ডিভাইসের জন্য পরীক্ষা করবেন। শিক্ষার্থীদের তাদের হাতা গুটিয়ে রাখতে বলা হবে, পাশাপাশি তাদের পোশাকের বোতামগুলো শারীরিকভবে পরীক্ষা করা হবে এবং স্টিকার দিয়ে ঢেকে দেয়া হবে।

গোপনীয় পরীক্ষার প্রশ্নপত্র ছবি তুলতে বা রেকর্ড করতে সক্ষম স্মার্ট গ্লাস পরে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে কি না, তা যাচাই করতে পরিদর্শকরা তাদের চশমা পরীক্ষা করবেন। পিনহোল ক্যামেরা লুকাতে পারে এমন বোতামযুক্ত পোশাক পরিহার করার জন্যও শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

ইলেকট্রনিক ডিভাইসের ওপর কঠোর নিষেধাজ্ঞা
পরীক্ষাকক্ষের ভেতরে স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ ডিভাইসসহ ধরা পড়লে পরীক্ষার্থীদের পরীক্ষা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং ফের পরীক্ষা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পরীক্ষাকেন্দ্রের আশপাশের পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা এবং অঘোষিত যোগাযোগ ডিভাইস শনাক্ত করতে জরুরি সম্প্রচার অ্যালার্ট ব্যবহার করার মতো অতিরিক্ত প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার কথাও সরকারি কর্মকর্তারা বিবেচনা করেছেন।

নজরদারি বৃদ্ধি এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা
প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশজুড়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রায় ৮ হাজার ৪০০ অতিরিক্ত পরীক্ষা পরিদর্শক মোতায়েন করা হবে।

হান জানান, ‘পরীক্ষার সময় প্রশ্নপত্রের ছবি তুলে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনগুলোতে পাঠানো হয়েছিল কি না তা তদন্ত করতে প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতা চাওয়ার পরিকল্পনাও কর্তৃপক্ষের রয়েছে।’

প্রতারণা করার সময় ধরা পড়া পরীক্ষার্থীদের জন্য আবার পরীক্ষা দেয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ১০ বছর করবে সরকার।

শিক্ষাগত ন্যায়বিচার রক্ষা করতে এবং দেশের জাতীয় পরীক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে এই কঠোর পরিদর্শন জরুরি বলে এর পক্ষ সাফাই গেয়েছেন কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে হান বলেন, ’এই পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের মাধ্যমে আমরা আপনাদের ওপর বাড়তি কোনো বোঝা চাপানোর চেষ্টা করছি না। এটি ন্যায্য প্রতিযোগিতার একটি পরিবেশ নিশ্চিত করার জন্য ন্যূনতম স্তরের সুরক্ষামূলক ব্যবস্থা।’ সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল