
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড) রাশিয়ার কয়েকটি সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। একইসাথে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত সামরিক তৎপরতাও চালিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।
সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, মঙ্গলবার ভোরে রাশিয়ার কতগুলো সামরিক বিমান ওই অঞ্চলে প্রবেশ করেছিল। বিমানগুলো পূর্ব সাগর (জাপান সাগর) এলাকার ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।
জয়েন্ট চিফস অব স্টাফের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগেই আমাদের সামরিক বাহিনী সেগুলোর উপস্থিতি শনাক্ত করে। এরপর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন এবং প্রয়োজনীয় কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি এমন একটি নির্দিষ্ট এলাকা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে সামরিক বিমানের আগাম তথ্য দেয়ার রীতি রয়েছে। তবে আন্তর্জাতিক আইনে এ ধরনের আগাম তথ্য দেয়া বাধ্যতামূলক নয়।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।
এর আগে গত জুনে চীন ও রাশিয়ার ১০টির বেশি সামরিক উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। ওই ঘটনায়ও যুদ্ধবিমান মোতায়েন করেছিল সিউল। তবে সেবারও উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।
সে সময় বেইজিং জানিয়েছিল, জাপান সাগর, পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ছিল একটি ‘কৌশলগত আকাশ টহল’। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এ তৎপরতার উদ্দেশ্য।
তবে চীন তাদের ওই বক্তব্যে দক্ষিণ কোরিয়া বা দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








