জাপানের যুদ্ধবিমান
জাপানের যুদ্ধবিমান। সংগৃহীত ছবি

জাপানের আকাশসীমায় রাশিয়ার সন্দেহভাজন দু’টি বিমান প্রবেশের পর সেগুলোকে সতর্ক করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। একইসাথে এ ঘটনায় মস্কোর কাছে ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানিয়েছে জাপান সরকার।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার কিছু পর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার ওকিনোশিমার কাছ দিয়ে বিমান দু’টি জাপানের আকাশসীমায় প্রবেশ করে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানান, বিমান দু’টিকে সতর্ক করতে দেশটির আত্মরক্ষা বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়।

তিনি বলেন, ‘রাশিয়ার  বিমানের জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি আমাদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কিহারা আরো বলেন, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে আমরা অত্যন্ত কঠোর প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যও জোরালো দাবি জানিয়েছি।’

সাম্প্রতিক কয়েক সপ্তাহে মস্কো ও টোকিওর মধ্যে সম্পর্কের আরো অবনতি হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার এবং রাশিয়ায় জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সূত্র : বাসস