
নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরও আঞ্চলিক সম্মেলনে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার আগমনকে সামনে রেখে শহরটিতে হাজারো মানুষ বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন।
প্রায় দুই হাজার বিক্ষোভকারী ইতোমধ্যে সংঘর্ষ প্রতিরোধী ঢাল (রায়ট শিল্ড) হাতে থাকা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছেন। তাদের হাতে থাকা ব্যানারগুলোতে লেখা রয়েছে- ‘ট্রাম্প এখনই বিদায় হোন’ এবং ‘প্যাক্স সিলিকা প্রত্যাখ্যান করুন’। এটি যুক্তরাষ্ট্রের একটি সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খল উদ্যোগের প্রতি ইঙ্গিত করে, যা নিয়ে ফিলিপাইনে মতভেদ তৈরি হয়েছে।
ট্রাম্পের সংক্ষিপ্ত সফরসূচি অনুযায়ী, তিনি সরাসরি নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর বৈঠকে যোগ দেবেন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অংশ নেবেন।
১১ সদস্যের আসিয়ান জোটের নেতাদের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোয়াড নেতারা বৈঠকে বসছেন। এর কয়েক দিন আগে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের রায়ান হাস জানান, চীনের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় গঠিত কোয়াডের সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ নীরবে এগিয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকের জন্য বরাদ্দ সময় কম হওয়ায় সেখানে আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের বাইরে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।
তবে বৈঠকের সময়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। কারণ, এর মাত্র দুই দিন পর চীন ও রাশিয়ার নেতাদের সাথে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নেবেন ট্রাম্প।
হাস বলেন, ‘শেনজেনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের সময় কর্তৃত্ববাদী নেতাদের কাছে নতি স্বীকার করার অভিযোগ থেকে ট্রাম্পকে রক্ষা করার একটি উপায় হতে পারে এই বৈঠক।’
সিডনিভিত্তিক ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টারের অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক পরিচালক হেইলি চ্যানার বলেন, ট্রাম্পের সফরসূচিতে আসিয়ানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার পায়নি। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের ম্যানিলা সফর গুরুত্বপূর্ণ।’
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কোয়াডের বৈঠকে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এসব অঞ্চলের বিভিন্ন ভূখণ্ডের মালিকানা নিয়ে চীনের সাথে একাধিক পক্ষের বিরোধ রয়েছে।
পরে ট্রাম্প আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করবেন। এরপর তিনি একটি নৈশভোজে অংশ নেবেন।
আসিয়ান নেতারা গত তিন দিন ধরে আঞ্চলিক নানা সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তবে এ সময়ে ট্রাম্পের অব্যাহত শুল্ক আরোপের প্রভাব আলোচনায় বড় হয়ে দেখা দিয়েছে।
বুধবার প্রেসিডেন্ট প্রাসাদে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সাথে বৈঠক করবেন ট্রাম্প। এরপর তিনি শেনজেনের উদ্দেশে রওনা হবেন।
ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টারের চ্যানার বলেন, মেয়াদের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত পররাষ্ট্রনীতিতে বেশি মনোযোগ দেন। তবে ট্রাম্পের এই বৈঠকের পেছনে যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগ এগিয়ে নেয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য খনি থেকে চিপ উৎপাদন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সরবরাহব্যবস্থা গড়ে তোলা।
সেমিকন্ডাক্টর ও বিরল খনিজের বাজারে চীনের আধিপত্য মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে এটি কয়েক মাস ধরে বিক্ষোভের মুখে রয়েছে। ম্যানিলার উত্তরে এক হাজার ৬২০ হেক্টর জমিতে এআই প্রযুক্তি উৎপাদনের জন্য একটি বৃহৎ শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারে।
মঙ্গলবারের বিক্ষোভে ২১ বছর বয়সী ড্র্যাগ কুইন মারিপোসা এএফপিকে বলেন, ‘আমরা আজ এখানে প্যাক্স সিলিকা বন্ধ করার এবং ফিলিপাইনের জনগণের ভূমি রক্ষার আহ্বান জানাতে সমবেত হয়েছি।’
এ সময় তার পরনে ছিল একটি লম্বা কালো কেপ, যাতে বড় অক্ষরে লেখা ছিল ‘প্যাক্স সিলিকা স্যাশে অ্যাওয়ে!’
ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছিলেন, এই স্থানটির জন্য দীর্ঘদিন ধরে গুঞ্জন চলা চুক্তিটি প্রেসিডেন্টের এই সফরের সময় স্বাক্ষরিত হবে না।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








