
হরমুজ প্রণালীতে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে মার্কিন ড্রোনটির নিয়ন্ত্রণব্যবস্থা নিজেদের আয়ত্তে নেয় ইরানি বাহিনী। পরে সেটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই অবতরণে বাধ্য করা হয়।
বিবৃতিতে ড্রোনটির মডেল এমকিউএম-১৭০ বলে উল্লেখ করা হয়েছে। ইরানের দাবি, সোমবার সকালে পরিচালিত বিশেষ ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের সময় ড্রোনটি আটক করা হয়। ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা শনাক্ত এবং চিহ্নিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি।
ইরানের নৌবাহিনী আরো দাবি করেছে, ইলেকট্রনিক যুদ্ধ ও ড্রোন কমান্ডের মাধ্যমে এ ধরনের ড্রোন আটকের ঘটনা এটি চতুর্থ। পাশাপাশি হরমুজ প্রণালী এলাকায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অক্ষত অবস্থায় ড্রোন নামিয়ে আনার ঘটনা এটি অষ্টম।
এছাড়া এমকিউ-৯, এমকিউ-১ এবং লুকাস অ্যাটাক ড্রোনসহ যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি ড্রোন বাধা দেয়া, ধ্বংস করা কিংবা অকার্যকর করে দেয়ার দাবি করেছে ইরানি বাহিনী।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতেও একই ধরনের দাবি করেছে ইরান। নভেম্বরের শুরুর দিকে কেশম দ্বীপের কাছে এমকিউএম-১৭০ ড্রোনের বিরুদ্ধে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছিল আইআরজিসি। তবে এর আগে ড্রোন আটকের বিষয়ে ইরানের দেয়া একটি দাবি প্রত্যাখ্যান করেছিল মার্কিন সামরিক বাহিনী।
উল্লেখ্য, কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। হরমুজ প্রণালীর উত্তর প্রবেশপথের কাছে অবস্থিত দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান নৌপথ এই হরমুজ প্রণালী।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








