চিকেন নেক, ভারতের আকাশ, চীনা সামরিক বিমান, উপেক্ষা,সতর্কবার্তা
প্রতীকী ছবি। সংগৃহীত

ভারতের সিকিমের আকাশসীমায় গত ১২ নভেম্বর ঢুকে পড়ে চীনের একটি সামরিক বিমান। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে সেটি ওই এলাকায় উড়তে থাকে। এ সময় বিমানটিকে বারবার সতর্ক করে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলে ভারতীয় বিমানবাহিনী।

Advertisement

ভারতের ওয়েবসাইট আউটলুক সোমবার (১৬ নভেম্বর) এক বেনামি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে।

সূত্রটি জানায়, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে। বারবার সতর্ক করার পরও বিমানটি ওই এলাকায় উড়তে থাকে। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। তবে বিমানটির ধরন, সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়, তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে আউটলুক ভারতীয় বিমানবাহিনীর সাথে যোগাযোগ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পায়নি।

ঘটনাটির গুরুত্ব আরো বেশি। কারণ, যে এলাকায় চীনা বিমানটি উড়েছে, তার কাছেই রয়েছে শিলিগুড়ি করিডর। ভারতের অন্যতম স্পর্শকাতর এই ভূখণ্ড পশ্চিমবঙ্গের একটি সরু স্থলপথ। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। এই পথ উত্তর-পূর্ব ভারতকে দেশটির বাকি অংশের সাথে যুক্ত করেছে। ‘চিকেনস নেক’ নামেও পরিচিত করিডরটি চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় সেখানে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা নিরাপত্তা পরিকল্পনাকারীদের নজর কাড়ে।

সিকিমের সাথে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। ডোকলাম মালভূমিও এই এলাকার কাছেই। ২০১৭ সালে সেখানে ভারত ও চীনের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল।

সীমান্তে আগেও এমন ঘটনা

ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের তৎপরতা নিয়ে উদ্বেগের ঘটনা এটাই প্রথম নয়। দুই দেশের মধ্যে উত্তেজনার সময় আগেও এমন কয়েকটি ঘটনা ঘটেছে।

২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়েছিল চীনের একটি সামরিক বিমান। স্থলভাগের কর্মীরা ও ভারতীয় রাডার সেটির গতিবিধি শনাক্ত করার পর বিমানবাহিনী পাল্টা ব্যবস্থা নেয়। প্রচলিত সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে চীনের কাছে বিষয়টি উত্থাপন করে ভারত।

২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে অচলাবস্থার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ দিয়ে চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। জবাবে ওই এলাকায় টহল দেয় ভারতীয় যুদ্ধবিমান। তবে কর্মকর্তারা জানিয়েছিলেন, হেলিকপ্টারগুলো ভারতীয় আকাশসীমা অতিক্রম করেনি।

এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর চারটি চীনা হেলিকপ্টার লাদাখে ঢুকে পড়ে। এর একটি প্রায় ৩০ মিনিট ধরে ওই এলাকায় উড়েছিল বলে জানা যায়। ওই বছরের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলায় চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট উড়ে চলে যায়। ডোকলাম অচলাবস্থা শুরুর মাত্র তিন মাস আগে ঘটেছিল ওই ঘটনা।