
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান যুদ্ধের প্রভাব অব্যাহত থাকায় দেশটির অর্থনীতিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। অর্থনীতির এই চিত্র বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও দুর্বল।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ে রয়েছে। এতে ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমেছে। অন্যদিকে, জাপানের মুদ্রা ইয়েনের দুর্বল অবস্থানের কারণে আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে।
জাপানের মন্ত্রিসভা কার্যালয়ের সোমবার প্রকাশিত প্রাথমিক ও মৌসুমভিত্তিক সমন্বয় করা তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছিল শূন্য শতাংশ।
ব্লুমবার্গ নিউজের এক জরিপে অর্থনীতিবিদেরা এ সময়ে শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।
বার্ষিক হিসাবেও জাপানের জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ সঙ্কুচিত হয়েছে। অথচ বাজার বিশ্লেষকেরা এ সময়ে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিলেন।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জাপানের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপরও।
গত সেপ্টেম্বরে তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে জাপানের মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ১ শতাংশে পৌঁছায়। এতে মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।
সরকারের সোমবারের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রকৃত বেসরকারি ভোগব্যয় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। এর আগের এপ্রিল থেকে জুন প্রান্তিকেও একই হারে ব্যয় কমেছিল।
রফতানি কমে যাওয়ার পাশাপাশি সরকারের প্রণোদনা কর্মসূচি এবং বেসরকারি খাতে বিনিয়োগের পুনরুদ্ধারও অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় রাখতে পারেনি।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়ঁ বলেন, ‘তৃতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপির স্থবিরতা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কিছুটা খারাপ ছিল। অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্রও বেশ হতাশাজনক।’
তবে পরিসংখ্যান প্রকাশের আগে মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান গবেষক শুমপেই ফুজিতা বলেছিলেন, ‘ইরানের অবনতিশীল পরিস্থিতির কারণে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও জাপানের অভ্যন্তরীণ অর্থনীতি এখনো স্থিতিস্থাপকতা ধরে রেখেছে।’
মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরে আবারো সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব জাপান। ক্যাপিটাল ইকোনমিকসের থিলিয়ঁর মতে, সোমবার প্রকাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির এই পরিসংখ্যান কেন্দ্রীয় ব্যাংকের সেই সিদ্ধান্তে বড় কোনো পরিবর্তন আনবে না।
তিনি বলেন, ‘বরং মূল্যস্ফীতি দ্রুত বাড়তে যাচ্ছে। ফলে আমাদের আগের ধারণার চেয়েও কেন্দ্রীয় ব্যাংককে আরো কঠোরভাবে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে হতে পারে বলে মনে হচ্ছে।’
গত মাসে ব্যাংক অব জাপান জানিয়েছিল, দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। অর্থনীতিকে দীর্ঘদিনের মূল্যপতন বা মুদ্রাস্ফীতিজনিত স্থবিরতা থেকে বের করে আনতে ১৩ বছরেরও বেশি আগে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র : এএফপি/বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








