পরাশক্তি, পরমাণু নিরস্ত্রীকরণ, অঙ্গীকার, অর্জন, গুতেরেস
জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংগৃহীত

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অর্থবহ পরমাণু নিরস্ত্রীকরণে সত্যিকার অর্থে অঙ্গীকারবদ্ধ হলে তা হবে বিশ্বের জন্য বড় অর্জন। তিন দেশের নেতাদের সম্ভাব্য বৈঠকের আগে সোমবার এ কথা বলেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

Advertisement

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের অবকাশে ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে গুতেরেস এ কথা বলেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু সোমবার (১৬ নভেম্বর) এ খবর জানায়।

গুতেরেস বলেন, ‘তিন দেশের নেতা যদি সত্যিই অর্থবহ পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকারবদ্ধ হন, তবে তা হবে বিশ্বের জন্য বড় অর্জন।’ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বেই কেবল পুরোপুরি নিরাপদ থাকা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসঙ্ঘ যেকোনো পরমাণু নিরস্ত্রীকরণ উদ্যোগে অংশ নিতে এবং তা সফল করতে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান মহাসচিব। তবে এমন উদ্যোগের সাফল্য এখনো নিশ্চিত নয় বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসানে আন্তরিক কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং সার পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এ সপ্তাহের শেষ দিকে তিন দেশের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) বৈঠকের অবকাশে মিলিত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বৈঠকে পরমাণু অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।