
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনস্থলে যাওয়ার পথে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় অন্তত দুজন আহত হন। আটক করা হয় পাঁচজনকে।
ফিলিপাইনের সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস রোববার (১৫ নভেম্বর) এ খবর জানায়। ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের আশপাশে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ পাঁচজনকে আটক করে।
সম্মেলন ঘিরে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন বিক্ষোভের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ফিলিপাইন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ। শিক্ষার্থী সংগঠনগুলোও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। পরিবহন শ্রমিকদের সংগঠন পিআইএসটিওএন সম্মেলন চলাকালে ধর্মঘটের ডাক দিয়েছে।
সম্মেলনের নিরাপত্তায় প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করেছে সরকার। তাঁদের মধ্যে ১৯ হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছেন। সম্মেলনস্থল, হোটেল, যাতায়াতের পথসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফিলিপাইন জাতীয় পুলিশের (পিএনপি) প্রধান জেনারেল হোসে মেলেনসিও সি. নার্তাতেজ জুনিয়র বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন। পুলিশ বলেছে, শান্তিপূর্ণ সমাবেশ করার সাংবিধানিক অধিকার তারা স্বীকার করে ও সম্মান করে। তবে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় এবং প্রচলিত আইন মেনে চলতে হবে।
পুলিশপ্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি পরিস্থিতি, যান চলাচলে বিঘ্ন এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সাথে, পুলিশের যেকোনো হস্তক্ষেপের পেছনে সুস্পষ্ট আইনি ভিত্তি নিশ্চিত করার কথাও বলেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








