চীন, তৈরি, বৈদ্যুতিক বিমান,   প্রথম, সফল, উড্ডয়ন,
চীনের তৈরি ১০ টন ওজনশ্রেণির বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান সিই-২৫এ। সিনহুয়া

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনশ্রেণির বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো চালকসহ উড়েছে। শনিবার দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। এতে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

Advertisement

চীনের বার্তা সংস্থা সিনহুয়া শনিবার (১৪ নভেম্বর) এ খবর জানায়। একই উড্ডয়নের খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও।

চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) জানিয়েছে, উড্ডয়নের সময় বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে। এর সব কর্মক্ষমতার সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল। দেশটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান এটি।

মূলত বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য তৈরি সিই-২৫এতে ১৯ জন যাত্রী বহন করা যাবে। এর সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে বিমানটি। এর উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার এবং একবার চার্জে পাড়ি দিতে পারে ৪০০ কিলোমিটার।

গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল সিই-২৫এ। কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিমানটি তৈরি হয়েছে। এ পর্যন্ত চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়নের ১৯টি পরীক্ষাও সম্পন্ন করেছে এটি।

বিমানটির নকশা অনুমোদনের সনদ পেতে কম্যাকের আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চালকসহ প্রথম সফল উড্ডয়ন বিমানটির পরীক্ষামূলক কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।