
চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
নিষেধাজ্ঞাটি বেইজিংয়ের শহর ও গ্রাম—উভয় এলাকার জন্য প্রযোজ্য। প্রায় ১৬ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এ পৌর এলাকা বেলজিয়ামের আয়তনের প্রায় অর্ধেক।
গত সেপ্টেম্বরে বেইজিং কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সেখানে ড্রোন বা চালকবিহীন উড়োজাহাজ (ইউএভি) রাখা ও সংরক্ষণ করা যাবে না। এমনকি ড্রোন কিংবা এর যন্ত্রাংশও শহরের ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকরের আগে ড্রোনের মালিকদের নিজ নিজ ড্রোন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এ জন্য তারা অনুমোদিত পুনঃক্রয়কেন্দ্রে ড্রোন বিক্রি করতে পেরেছেন। অনলাইনেও বিক্রির সুযোগ ছিল।
চাইলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার বাইরেও ড্রোন নিয়ে যেতে পেরেছেন তারা।
চীনের কেন্দ্রীয় সরকার, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদর দফতর বেইজিংয়ে অবস্থিত।
এ কারণে শহরটিতে আগে থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে।
গত জুনে বেইজিংয়ের আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সে সময় একটি ছোট উড়োজাহাজ শহরের সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়ে। এতে উড়োজাহাজটির পাইলটের মৃত্যু ও আরো ১৩ জন আহত হন।
এর আগে, ২০২৬ সালের মে মাসে বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন ড্রোনের মালিকদের কর্তৃপক্ষের কাছে নিজেদের ড্রোন নিবন্ধন করতে হতো।
তবে নিবন্ধনের পর সেগুলো নিজেদের কাছে রাখার অনুমতি ছিল।
নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, কারো কাছে ড্রোন পাওয়া গেলে তাকে জরিমানা ও ড্রোনটিকে জব্দ করা হতে পারে।
তবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি ত্রাণ কার্যক্রম, কৃষিকাজ কিংবা বৈজ্ঞানিক গবেষণার মতো বিশেষ প্রয়োজনে ড্রোন ওড়ানোর অনুমতি দেয়া হতে পারে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








